রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘের পর এবার বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ভাসানচর পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডস ও কানাডার মিশনপ্রধানরা। এ সময় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলও ভাসানচরে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ভাসানচরে অবস্থান করেন। এ সময় তারা ভাসানচরের এক নম্বর ওয়্যারহাউজে বিভিন্ন বয়সের রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ভাসানচর থানার ওসি মো. মাহে আলম বলেন, দুপুর ৩টার দিকে ভাসানচর পরিদর্শন শেষে ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ভাসানচর ত্যাগ করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের আপত্তির মুখে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করে সরকার। এ পর্যন্ত ছয় দফায় রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হয়েছে। এর আগে গত ১৭ মার্চ ভাসানচরে রোহিঙ্গাদের অবস্থা দেখতে যান জাতিসংঘের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল।
