নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বরগুনা জেলার সদর থানার পরিরখাল গ্রামের পনু হাওলাদারের ছেলে বাবুল মিয়া ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার খয়েরহাট গ্রামের রফিক মিয়ার ছেলে আমির হোসেন।
গ্রেপ্তাররা বর্তমানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মহি শিকদারের বাড়িতে বসবাস করে আসছেন।
রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় তরুণীর বাড়ি। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে ওই তরুণী রূপগঞ্জ উপজেলায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
গত ২৭ মার্চ রাতে গ্রেপ্তার বাবুল মিয়া ও আমির হোসেনসহ আরও কয়েকজন ওই তরুণীকে জোরপূর্বক তুলে এনে পুর্বগ্রাম এলাকার নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
