মিয়ানমারে বিক্ষোভের প্রতীক ‘ইস্টার’ ডিম

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১১:৫২ পিএম

মিয়ানমারে প্রতিদিনই সেনাবাহিনীর হাতে বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনা ঘটছে। সেনাবাহিনী ভয় ও সন্ত্রাসকে কাজে লাগিয়ে আন্দোলনকারীদের দমাতে চাইলেও ঘটছে তার বিপরীত। প্রতিদিনই নতুন কোনো পন্থায় বিক্ষোভকারীরা মিয়ানমারের শহরগুলোর রাস্তায় নামছে। গত রবিবার বিক্ষোভকারীরা বিক্ষোভের প্রতীক হিসেবে ডিম ব্যবহার করেছে। ডিমের গায়ে জান্তাবিরোধী সেøাগান থেকে শুরু করে বিভিন্ন ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করে তারা রাস্তায় নামে।

ডিমের গায়ে ‘স্প্রিং রেভল্যুশন’, ‘উই মাস্ট উইন’ ও ‘গেট আউট এমএএইচ’ লিখে সেই ডিমের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব করে দিয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি দিয়ে বিশে^র অধিকাংশ শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে গতকাল।

আন্দোলনকারীদের একজন ডা. সাসা রয়টার্সকে বলেন, ‘ইস্টারের পুরো বিষয়টিই সুন্দর আগামীনির্ভর। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় মিয়ানমারের জনগণের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’ বিক্ষোভকারীদের এমন অভিনব প্রতিবাদে ক্ষুব্ধ জান্তা সরকার। ইতিমধ্যেই জান্তা সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়েছে, যারা সেনাবাহিনীকে অমান্য করে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য এমন হুমকিতেও বিক্ষোভকারীরা পিছু হটছে না।

ইয়াঙ্গুনের তরুণেরা গতকালও হাতে ডিম নিয়ে রাস্তায় নামে। এ সময় শহরের কয়েক স্থানে সেনাবাহিনীর  সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। তবে রাজধানী নেপিদোতে পুলিশের গুলিতে মোটরবাইকে থাকা দুই বিক্ষোভকারী নিহত হয়েছে বলে ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে। দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) নামের একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে সেনাবাহিনীর গুলিতে ৫৫৭ জন নিহত হয়েছে। সংস্থাটির মতে, পুলিশের হাতে ২ হাজার ৬৫৮ জন বিক্ষোভকারী বন্দি হয়ে আছে। এদের মধ্যে চারজন নারী ও একজন সাংবাদিক রয়েছে। গত সপ্তাহে ইয়াঙ্গুনের রাস্তা থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত