সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের সহিংস ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, ‘এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশ থেকে তো আইনটাই চলে যাবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্মারকগ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সমিতির মিলনায়তনে দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘একটি গোষ্ঠী মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছে। এটা কি আমরা সমর্থন করতে পারি? আইনের শাসন তো সবাইকে প্রতিষ্ঠা করতে হবে। যারা মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের আমরা কী বলব?’
তিনি আরও বলেন, ‘একজন বিদেশি অতিথি (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) এর আগেও ২০১৫ সালে এসেছিলেন। কিন্তু তখন তারা চুপ ছিলেন। এবার তিনি (নরেন্দ্র মোদি) বাংলাদেশে আসায় তাদের ঘুম ভেঙেছে। তারা ভাবলেন যে এবার কিছু করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটেছে তা কি আমরা সমর্থন করতে পারি?’
আমিন উদ্দিন বলেন, ‘তারা দেশকে অস্বীকার করছে। এখন তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, দেশ থেকে তো আইনটাই চলে যাবে।’
এ সময় করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে ভার্চুয়াল কোর্ট চালু রাখার পক্ষে মত দেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক ইমতিয়াজ ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মনিরুজ্জামান, কার্যনির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির প্রমুখ।
