ওই নারী মামুনুলের স্ত্রী নন : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০২:১৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সঙ্গে থাকা নারী তার স্ত্রী নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রবিবার হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও সোনারগাঁয়ে তান্ডবের প্রসঙ্গে ৩০০ বিধিতে জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী নিয়ে রিসোর্টে মামুনুল হকের অবস্থান এবং পরবর্তী সময়ে হামলার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ‘সোনারগাঁ উপজেলার একটি রিসোর্টে মামুনুল হক এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন। তিনি তার স্ত্রী নন। এ বিষয়ে আমি আরও ঘটনা জেনে সবাইকে জানাব।’

মন্ত্রী জানান, টেলিভিশনে ঘটনাটি প্রচারের পরে হেফাজত লোকেরা কেন রিসোর্টটিতে হামলা করেছিল তা তিনি জানেন না। তিনি বলেন, ‘সেখানে কয়েকজন বিদেশি ছিলেন। পুলিশ ও বিজিবি গিয়ে তাদের রক্ষা করেছে।’

দেশব্যাপী সম্প্রতি ‘হেফাজতের তান্ডব’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি। যারাই তান্ডব করে থাকুক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

শনিবার এক নারীসহ রিসোর্টে অবস্থানকালে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। মামুনুল ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে হেফাজতকর্মী ও তার অনুসারীরা রাতে রিসোর্টে হামলা ও সোনারগাঁজুড়ে তান্ডব চালিয়ে মামুনুলকে সেখান থেকে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত