টিকা নেওয়ার এক মাস পরেও দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (সিরাজগঞ্জ সদর আংশিক-কাজিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
তিনি এখন ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন।
তিনি সিরাজগঞ্জের কৃতি সন্তান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে।
সোমবার সকালে এ বিষয়ে এমপি তানভীর শাকিল বলেন, চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন সুস্থ আছেন।
তিনি আরও বলেন, সামান্য গলা ব্যথা ছাড়া তার শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই। তিনি তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ও কাজিপুরসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এ বিষয়ে কাজিপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিল সিরাজী বলেন, তানভীর শাকিল জয় তার নির্বাচনী এলাকায় বিভিন্ন অনুষ্ঠান শেষে গত ৩ এপ্রিল শনিবার ঢাকায় ফেরেন। ৪ এপ্রিল রবিবার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। ওই দিন সন্ধ্যায় তিনি রিপোর্ট হাতে পান। এতে তার করোনা পজিটিভ আসে। তার শরীরে তেমন কোনো উপসর্গ না থাকলেও তিনি ঢাকার বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, এমপি তানভীর শাকিল জয় প্রায় এক মাস আগে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। এ ছাড়া এর আগেও একবার তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
