চাঁদপুরে সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যে নির্দিষ্ট সময়ে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শহরের হাকিম প্লাজা, হকার্স মার্কেট, সাউথ প্লাজাসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন।
মিছিলটি শহরের কালীবাড়ি থেকে শুরু হয়ে পৌরসভার সামনে অবস্থান নেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি পুনরায় হকার্স মার্কেটের সামনে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থান করে চাঁদপুর টাওয়ারের সামনে সমাবেশ করেন। এ সময় ব্যবসায়ীরা লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
হাকিম প্লাজার ব্যবসায়ী মো. শফিক, ফকরুল ইসলাম কালু বলেন, অফিস, আদালতসহ অন্যান্য সকল কিছু খোলা রয়েছে। শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা হতে পারে না। আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে রয়েছি। গত বছরও আমাদের অনেক ক্ষতি হয়েছে।
আমাদের দাবি, একটি নির্দিষ্ট সময়ে দোকানপাট খোলা রাখার দাবি জানাই। আমরা সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবো।
তবে হকার্স মার্কেট সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন আনু বলেন, সরকার যেই বিধিনিষেধ দিয়েছে আমরা তা মেনে চলবো। যারা মিছিল করেছে তারা ব্যক্তি উদ্যোগে করেছে। আমরা তাদের অনুরোধ করি তারাও যেন সরকারের নির্দেশনা মেনে চলে।
তিনি আরও বলেন, সামনে যদি লকডাউনের মেয়াদ আরও বৃদ্ধি করা হয়, তখন আমরা সরকারের নিকট ব্যবসায়ীদের প্রণোদনা ও সুযোগ-সুবিধার জন্য দাবি জানাবো।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি মো. আব্দুর রশিদ বলেন, ব্যবসায়ীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনা এসে ব্যবসায়ীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সরকারে নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা যাবে না।
