মানুষের নিরাপত্তা বারবার উপেক্ষিত হচ্ছে : ফখরুল

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২:৫৩ এএম

সরকারের উদাসীনতার কারণেই দেশের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে বলে অভিযোগ করেছে বিএনপি। নারায়ণগঞ্জে লঞ্চডুবি এবং দেশব্যাপী কালবৈশাখীর তা-বে অসংখ্য মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এ অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি মহাসচিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘গত রবিবার নারায়ণগঞ্জে লঞ্চডুবিতে এবং দেশব্যাপী কালবৈশাখীর তা-বে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছেন। নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। ষড়ঋতুর এ দেশে প্রবল বন্যা, ঘূর্ণিঝড় ও বজ্রপাতসহ নানা বড় বড় প্রাকৃতিক দুর্যোগ এ দেশের মানুষ চরম ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে থাকে।’

তিনি বলেন, ‘গত রবিবার নারায়ণগঞ্জে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবি এবং সারা দেশে প্রবল ঝড়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, তাদের মৃত্যুতে শোক জানানোর ভাষা নেই। লঞ্চডুবিতে এবং ঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করছি। তাদের শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কেন বারবার সড়ক দুর্ঘটনাসহ নৌপরিবহনে দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটছে, তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকারের উদাসীনতার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। সড়ক ও নৌপথে বারবার দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ব্যাপক প্রাণহানিতেও সরকারের টনক নড়ছে না বরং রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে ব্যস্ত থাকার জন্যই বর্তমানে দেশে মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে নিপতিত হয়েছে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে লঞ্চ দুর্ঘটনা ও ঝড়ে নিহত ও আহতদের অসহায় পরিবারকে পুনর্বাসন, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত