সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমানের মতো দেশগুলোতে প্রচুর এশীয় নাগরিক শ্রমিক হিসেবে কর্মরত। কিন্তু সম্প্রতি বিভিন্ন দেশে নতুন শ্রম আইন বা নীতিমালায় পরিবর্তন এবং করোনা মহামারীর কারণে প্রবাসী শ্রমিকদের কাজ হারিয়ে নিজ দেশে ফিরতে হচ্ছে।
সৌদি আরবে বেকারত্বের হার কমাতে দেশটির সরকার একের পর এক পরিকল্পনা নিচ্ছে। আর এসব পরিকল্পনার বেড়াজালে বিপাকে পড়ছেন প্রবাসী ব্যবসায়ীরা। সম্প্রতি দেশটির সরকার প্রবাসীদের জন্য ১২ ক্ষেত্রে কাজ নিষিদ্ধ করেছে। ব্যবসা প্রতিষ্ঠানে লোকবল নিয়োগে ৭০ শতাংশ সৌদিকরণ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এ নিয়মের বাইরে কাউকে পেলে জেল থেকে শুরু করে মোটা অঙ্কের জরিমানার বিধান করা হয়েছে।
এক পরিসংখ্যান বলছে, ২০২০ সালে প্রায় ১ লাখ ২৯ হাজার প্রবাসী শ্রমিক কাজ হারিয়ে সৌদি ছাড়তে বাধ্য হয়েছেন। একই সঙ্গে এসব দেশে বিভিন্ন ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের চাকরিতে যোগ দেওয়ার সংখ্যাও বেড়েছে। সরকারি এক প্রতিবেদন অনুযায়ী প্রায় ৭৪ হাজার সৌদি নাগরিক দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পেয়েছেন।
ভিশন-২০৩০ বাস্তবায়ন ও সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে দেশটিতে মোবাইল ফোন, বোরকার দোকান, রেন্ট-এ-কার, অ্যাকাউন্টিং, নারীদের তৈরি পোশাকের দোকানের পর এবার নতুন করে ১২ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবাসীদের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়।
