নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। এ সময় বেলাল হোসেন (৩০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কাদিরপুরের আনিছার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, আগুন লাগার পর ঘরে আটকে পড়া মাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন বেলাল হোসেন। তাকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাওয়ার পর বাড়ির লোকজন ঘুমিয়ে পড়েন। দেড়টার দিকে হঠাৎ করে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নেয়। পরে বাড়ির লোকজন একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু তার আগে ৮টি বসতঘরের মালামাল পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকজন জানান।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
