জমির বিরোধে বড় ভাইকে হত্যা করে পালালেন যুবক

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০১:৫৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ধারালো ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলম (৪২)  নিহত হয়েছেন। ঘটনার পর ছোট ভাই ফিরোজ হোসেন (৩২) পলাতক রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ এলাকায় তাদের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত রবিউল আলম ওই এলাকার সারাফত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, ফিরোজ আলম গত কয়েক দিন আগে বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে বাড়িতে নিয়ে যায়।

এদিকে রবিউল আলম পঞ্চগড় শহরের ইসলামবাগের বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়ি তেঁতুলিয়া উপজেলার লালগাছ এলাকায় যায়।

পরে রাতে রবিউল ও তার ছোট ভাই ফিরোজকে কোনো এক কারণে শাসন করলে তার ছোট ভাই ফিরোজ জমি সংক্রান্ত বিরোধ টেনে ঘর থেকে ধারালো ছুরি বের করে রবিউলকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

রবিউল শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু  কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ রবিউলকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম বলেন, ফিরোজ তার ভাইকে মেরে পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত