সাভারের আশুলিয়ায় মধ্যরাতে একটি বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডে ৮-১০টি দোকান পুড়ে গেছে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে শিমুলিয়া বাজারের একটি দোকানের উপর হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।
এ সময় ওই দোকানে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে তা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যুক্ত হয়। ৪টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
আগুনে বাজারের ৮ থেকে ১০ টি দোকান পুড়ে গেছে এবং ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।
