নরসিংদীতে তরুণ ছুরিকাঘাতে খুন করেছে দুই কৃষককে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই। নাটোরের বড়াইগ্রামে বোনের লাঠির আঘাতে মারা গেছেন ভাই। এছাড়া ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূর, গাজীপুরের শ্রীপুরে তরুণের এবং খুলনার দীঘলিয়ায় নদ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
নরসিংদী : ইউনুস আলী (২৪) নামে এক তরুণ ছুরিকাঘাতে হত্যা করেছে দুই কৃষককে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বুধবার দুপুরে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল সগরিয়াপাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে ঘাতক ইউনুসকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করেছে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) ও মৃত দেওয়ান আলীর ছেলে আলী আজগর (৬৫)। আটক ইউনুস আলী নজরপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ করে ইউনুস তার পরিবারের সঙ্গে বিরূপ আচরণ শুরু করে। গতকাল সকালে সে হাতে ছোরা নিয়ে বের হয়ে সামনে যাকে পায় তাকেই ধাওয়া দিতে থাকে। এ সময় ফরহাদ মিয়া বাড়ির অদূরে কৃষিজমিতে কাজ করছিলেন। ইউনুস আচমকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। পরে রাস্তার পাশে থাকা আজগর আলী ও সেন্টু মিয়াকেও কোপায়।
পঞ্চগড় : তেঁতুলিয়ায় জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলম (৪২) নিহত হয়েছেন। ঘটনার পর ছোট ভাই ফিরোজ হোসেন (৩২) পালিয়ে গেছে।
গত মঙ্গলবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ এলাকায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রবিউল ও ফিরোজ ওই এলাকার সারাফত আলীর ছেলে।
নাটোর : বড়াইগ্রামে বোন উম্মেহানির (৩২) লাঠির আঘাতে ভাই মনিরুল ইসলাম খুন হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরুল ইসলামের সৎবোন উম্মেহানি ও ভাই মানিক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।
ফরিদপুর : নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শশা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কহিনুর আক্তারের (৪১) লাশ গত মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
কহিনুরের ভগ্নিপতি সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, লিটন আরেকটি বিয়ে করার পর থেকে কহিনুরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।
গাজীপুর : শ্রীপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর ২নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার জনৈক হাবিবুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হুমায়ুন কবির (১৮) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দনিয়াকান্দি এলাকার আজিজুলের ছেলে।
খুলনা : দীঘলিয়া উপজেলার সেনহাটি পুলিশ ফাঁড়িসংলগ্ন ভৈরব নদ থেকে অজ্ঞাত গতকাল সকালে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২৩ বছর বয়সী তরুণীর পরনে ছিল মুখ খোলা বোরকা ও লাল সালোয়ার।
