মিয়ানমারে নিহত ৬০০ ছাড়াল

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০২:১৫ পিএম

গণতন্ত্র ফেরানোর আন্দোলনে মিয়ানমারে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির প্রবাসী রাজনীতিবিদদের প্রতিষ্ঠিত সংগঠন এএপিপি।

বৃহস্পতিবার আরও ১১ জন মারা যাওয়ার পর এখন পর্যন্ত মোট প্রাণ হারালেন ৬০৯ জন।

সপ্তাহখানেক আগে দেশটির প্রত্যন্ত এলাকার বিদ্রোহী গোষ্ঠীগুলি সেনা-বিরোধী বিক্ষোভে দেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেয়ার পর মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে।

সেনা-পুলিশের গুলি বর্ষণের বিরুদ্ধে নিজেদের তৈরি আগ্নেয়াস্ত্র হাতে রুখে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, সকালের দিকে বিক্ষোভকারীরা যখন মিছিলের জন্য জমায়েত শুরু করছেন, প্রায় ছয়টি ট্রাক ভর্তি সেনা সেখানে হাজির হয়। বিক্ষোভকারীরা গাদাবন্দুক, ছুরি আর বোতল বোমা নিয়ে প্রত্যাঘাত করলে আরও পাঁচ ট্রাক বাহিনী আসে। এর পরেই চলে নির্বিচারে গুলি।

সেনা-বিরোধী সিআরপিএইচ জোটের পক্ষ থেকে দেশের প্রাক্তন এক মন্ত্রী জানিয়েছেন, নিজেদের প্রাণ ও অধিকার রক্ষার জন্য সাধারণ মানুষ প্রত্যাঘাত করবেই।

সেনা-বিরোধী বিক্ষোভকে সমর্থন জানানোয় গোটা দেশে একশোরও বেশি শিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাইং তাকোন নামে বছর চব্বিশের এক অভিনেতাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেনারা। তার বোন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা কয়েক দিন ইয়াঙ্গুনে বাবা-মায়ের বাড়িতে ছিলেন। আজ ভোর সাড়ে চারটে নাগাদ ৮টি গাড়ি ও ৫০ জন সেনা তাদের বাড়ি ঘিরে ফেলে। তাকে কোথায় রাখা হয়েছে, তা তার পরিবার জানে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত