উত্তর কোরিয়ার জনগণকে কঠিন সংকটের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বেশ কিছুদিন ধরেই বিশে^র বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করছিল যে উত্তর কোরিয়া গুরুতর খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়তে যাচ্ছে। এবার দেশটির নেতার কাছ থেকেই সংকটের কথা জানা গেল।
গত বৃহস্পতিবার এক দলীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কিম এই পরিস্থিতিকে এমনভাবে তুলে ধরেছেন যাকে ১৯৯০-এর দশকের দুর্ভিক্ষের অবস্থার সঙ্গে তুলনা করা যায়। জনগণকে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে আরেকটি ‘কষ্টসাধ্য পদযাত্রা’ পরিচালনার জন্য দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান কিম।
‘কষ্টসাধ্য পদযাত্রা’ উত্তর কোরিয়ার কর্মকর্তাদের ব্যবহৃত একটি বিশেষ পরিভাষা। ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে উত্তর কোরিয়াকে দেওয়া জরুরি সাহায্য বন্ধ হয়ে যায়। এর ফলে তীব্র সংকটের মুখে পড়ে দেশটি, যা পরবর্তীকালে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করে। এই দুর্ভিক্ষে ৩০ লাখের মতো মানুষের মৃত্যু হয়। তখন দেশটি যে সংগ্রামের মধ্য দিয়ে গেছে তা বোঝাতেই ‘কষ্টসাধ্য পদযাত্রা’ পরিভাষাটি ব্যবহার করা হতো। করোনাভাইরাস মহামারীর কারণে সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। চীনের সঙ্গে বাণিজ্যও স্থবির অবস্থায় রয়েছে। এ ছাড়া পারমাণবিক প্রকল্পের কারণে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অবরোধের মধ্যে রয়েছে দেশটি।
