জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসান শাহরিয়ার। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
এ তথ্য জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
গত বৃহস্পতিবার রাত দেড়টায় করোনার উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু কোথাও আইসিইউ বেড পাওয়া না যাওয়ায় রাত দেড়টায় তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান তিনি।
সিলেটের সুনামগঞ্জে জন্ম গ্রহণ করেন হাসান শাহরিয়ার। সাংবাদিকতা শুরু করেন পাকিস্তানের ডন পত্রিকা দিয়ে। দেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন।
এছাড়া তিনি নিউজউইক, আরব নিউজ, ডেকান হেরাল্ড পত্রিকার বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
হাসান শাহরিয়ার কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, ওকাবের (ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
