টিকাদানের পর মৃত্যুহার কমেছে ভারতে

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০২:০৮ পিএম

টিকাদান কর্মসূচি শুরু করার পর ভারতে মৃত্যুহার দিনে-দিনে কমছে। দেশটি ৮৫ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, দেশটিতে শনাক্তের বিপরীতে এই মুহূর্তে মৃত্যুহার ১.৩৮ শতাংশ।

সেপ্টেম্বরের ১৮ তারিখ পর্যন্ত ২ শতাংশের উপরে ছিল মৃত্যুহার। এরপর ১ শতাংশে নামলে আর ওঠেনি। ভারতে সর্বোচ্চ মৃত্যুহার ৩০.৭৭ শতাংশ। গত বছর ৩ এপ্রিল এই অবস্থা ছিল।

মৃত্যুহার কমলেও দেশটিতে দৈনিক সংক্রমণে বাড়ছেই। গতকাল একদিনে শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে যা নতুন রেকর্ড।

ওয়ার্ল্ডোমিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৫২ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৮৩৮ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩৩ লাখ সাড়ে ৫৫ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জন।

করোনার ব্যাপক সংক্রমণের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। এমন পরিস্থিতিতে শনিবার ভার্চুয়ালি সব দলকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এতে লকডাউনের পক্ষে জোরালো মতামত দেন তিনি।

করোনায় বৈশ্বিক শনাক্তের সংখ্যা ১৩ কোটি ৬০ লাখ সাড়ে ১১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত