দেশ রূপান্তরে অবৈধভাবে মাটি কাটার সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে কুমিল্লার দাউদকান্দির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অভিযানে নামে উপজেলা প্রশাসন।
গতকাল রবিবার দুপুরে দাউদকান্দির নন্দিচর মৌজার তিতাস উপজেলার লালপুর ডিমচর এলাকার গোমতী নদীর পাড়ে অভিযান চালিয়ে একটি ভেকু ও চারটি ট্রাক্টর জব্দ করে তিতাস উপজেলা প্রশাসন। মাটি কাটার সঙ্গে জড়িতরা দূর থেকে দেখে পালিয়ে যায় বলে জানান তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম।
তিনি বলেন, দেশ রূপান্তরসহ কয়েকটি অনলাইনে ফসলি জমি ও গোমতী নদীর পাড় থেকে অবাধে মাটি কাটার খবরটি দৃষ্টিগোচর হয়। আজ (গতকাল রবিবার) সরেজমিন গিয়ে সত্যতা পেয়ে একটি ভেকু ও চারটি ট্রাক্টর জব্দ করেছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত শনিবার দেশ রূপান্তরের ৯-এর পাতায় ‘ফসলি জমি থেকে অবাধে মাটি-বালু উত্তোলন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
