কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১১:১৪ পিএম

আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের জিয়ারখী গ্রামে দু’পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। গতকাল সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলা দু’পক্ষের সংঘর্ষ, হামলা পাল্টাহামলাসহ ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, জিয়ারখী গ্রামের আওয়ামী লীগ সমর্থিতরা জামায়াত-বিএনপির লোকদের দলে ভিড়িয়ে দল ভারী করার প্রতিযোগিতার দ্বন্দ্ব ছিল আগে থেকেই। এরই মধ্যে সদর উপজেলার ৩৬নং জিয়ারখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের উপকরণ-সরঞ্জামসহ নির্মাণসামগ্রী চুরি করার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকার বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত