করোনাকালে নিয়োগ প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কার্যকর ব্যবস্থা গ্রহণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘করোনা অতিমারীর প্রভাবে সাধারণ মানুষের জীবন এমনিতেই ওষ্ঠাগত। এ রকম একটি সময়ে হাসপাতালগুলোয় কারিগরি জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির ঘটনা স্বাস্থ্য খাতের প্রতি সাধারণ মানুষের বিশ^াসের প্রতি আরেকটি বড় ধাক্কা হয়ে এলো। নিয়োগ কমিটির এক সদস্যকে সরাসরি কোটি টাকা ঘুষ দেওয়া এবং মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে পদায়নের প্রস্তাব দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়মের বেড়াজালে আবদ্ধ বিচারহীনতা উপভোগকারী কর্মকর্তাদের বেপরোয়া দুর্নীতির আরেকটি উদহারণ মাত্র। এমন পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের যথাযথ উপলব্ধি এবং কঠোর ব্যবস্থা নিশ্চিত করা।’
দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করার জন্য স্বাস্থ্য সচিবকে দুজন কর্মকর্তা যে অনুরোধ করেছেন তার প্রতি সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, ‘অভিযুক্তদের নিয়োগ কমিটি থেকে সরিয়ে দেওয়া হলে কি তাদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত হয়ে যায়! ইতিপূর্বেও মাস্ক কেলেঙ্কারি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সরঞ্জাম ক্রয়ের ঘটনায় কাউকে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির সম্মুখীন করা হয়েছে বলে শোনা যায়নি। এতে করে একধরনের বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে। এবারও আমরা দেখলাম জড়িতদের অনেকেই প্রতিষ্ঠানটির শীর্ষবলয়ের অধীন থেকে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং যখনই এ ব্যাপারে সমালোচনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখনই অন্যত্র বদলি বা সরিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এ ক্ষেত্রে দুদককে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
