করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ ভারতে মারাত্মক রূপ নিয়েছে। দুই লাখ ছোঁয়ার পথে দৈনিক সংক্রমণ। ছয় মাসের মধ্যে মৃত্যুও এই প্রথম হাজার ছাড়িয়েছে।
করোনায় ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে আগামী ১৫ দিনের জন্য জারি করা হয়েছে জনতার কারফিউ।
এই সময় জানায়, করোনা সংক্রমণ রুখতে বুধবার রাত ৮টা থেকে ১৪৪ ধারা জারি করা হচ্ছে গোটা মহারাষ্ট্রে। ঠিক লকডাউন না হলেও এমনই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়। প্রতিনিয়ত অক্সিজেনের চাহিদা বাড়ছে, হাসপাতালে শয্যার সংখ্যা কমে আসছে। ওষুধের চাহিদাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’
এদিনের ভাষণে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ দিনের জন্য মহারাষ্ট্রজুড়ে জারি থাকবে ১৪৪ ধারা। রাজ্যের সব দরিদ্র মানুষের পরিবারে ৩ কেজি গম ও ২ কেজি চাল পৌঁছে দেবে সরকার।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৪ হাজার ৩৭২ জন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ২৭ জন।
ভারতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৭২ হাজার ৮৫ জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জনে।
