পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভ ও সহিংসতার জেরে নিষিদ্ধ হতে যাচ্ছে ইসলামি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)। গত বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ এই ঘোষণা দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটির ভাষ্য, এ সপ্তাহে দেশটির প্রধান কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টিএলপি সমর্থকদের সংঘর্ষ ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বলেন, ‘টিএলপিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অনুমোদনের জন্য এ সিদ্ধান্তের খসড়া পার্লামেন্টে যাচ্ছে।’
গত সোমবার লাহোর থেকে টিএলপিপ্রধান আল্লামা সাদ হুসাইন রিজভিকে গ্রেপ্তারের পর সহিংসতা ছড়িয়ে পড়ে। ফ্রান্সে ইসলামবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনার জেরে ইসলামাবাদে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানান আল্লামা রিজভি। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ফ্রান্সে গত বছর ইসলামবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর থেকে বিক্ষোভ করে আসছে টিএলপি। ইসলামাবাদে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো ও দেশটি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণার জন্য পাকিস্তান সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে দলটি।
