ময়মনসিংহ ও কুষ্টিয়া

নদী ও পুকুরে ডুবে ৫ শিশুর মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১২:২৯ এএম

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো নগরীর সানকিপাড়া এলাকার নাসিমের ছেলে সায়েম (৭), একই এলাকার রতন মিয়ার ছেলে আহাদ (১০) ও শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)। গত বুধবার দুপুর ২টার দিকে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক কাফিয়া ফেরদৌসী। তিনি বলেন, তাদের কাউকে আমরা জীবিত পাইনি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার মজিবুর রহমান বলেন, জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে পাঁচজন শিশু খেলতে পানিতে নেমে তিনজন ডুবে যায়।

অপরদিকে, কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুরে গোসল করতে নেমে মুস্তাফিজুর রহমান (১০) ও সিয়াম (১১) নামে আপন দুই খালাতো ভাই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহিরচর বারদাগ গ্রামের বাসিন্দা মাসুম আলীর বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি মো. শাহ জালাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত