দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় প্রথম দিনের বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের ১৩ সদস্য যোগ দেন।
বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে জানিয়েছেন, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও অংশ নেন। এতে দেশের বিরাজমান রাজনৈতিক, অতিমারী করোনা, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, সরকারের ‘দমন-নিপীড়ন’ এবং করণীয় নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি জানান, আজকের (গতকাল) বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য উকিল আব্দুস সাত্তার এমপি, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভূইয়া, জয়নুল আবদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, মো. আবদুল কাইয়ুম, এসএম জহিরুল ইসলাম, ইসমাইল জবিউল্লা। কেন্দ্রীয় দপ্তর থেকে ধারাবাহিক বৈঠকের তালিকা তৈরি করে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বর্তমানে ৩০ জন ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য রয়েছেন ৭৮ জন।
