ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদের গাজীরটেক এলাকা থোকে শরীফ (১৪) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শরীফের বাবার নাম সুন্দর আলী। তার বাড়ী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানায়, শরীফ প্রতিদিনের মতো শুক্রবার রাতে বাসা থেকে অটোরিকশা নিয়ে রাস্তায় বের হন। শনিবার ভোর পর্যন্ত তিনি অটোরিকশা নিয়ে বাসায় না ফেরায় তারা চিন্তিত ছিলেন।
সকাল ৯টার দিকে লোক মারফত খবর পান গাজীরটেক এলাকায় এক কিশোরের লাশ পড়ে আছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শরীফের লাশ শনাক্ত করার পর পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শরীফের বস্তাবন্দী লাশ পাওয়া গেলেও তার অটোরিকশাটি পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে অটোরিকশাটি ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা হয়তো তাকে হত্যা করে বস্তাবন্দী করে তার লাশ রাস্তায় ফেলে পালিয়ে যায়।
ভৈরব থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনি লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তার ধারনা অটোরিকশাটি ছিনতাই করতে ছিনতাইকারীরা তাকে হত্যা করে পালিয়ে যায়। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
