নাটোরের লালপুরে আগুনে পুড়ে গেছে ছয়টি ঘর। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার পানঘাটা গ্রামের আকবর আলী সরদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি পানঘাটা গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্নার অবশিষ্ট ছাই পাটখড়ির পালার পাশে ফেলে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা বিস্তার লাভ করে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
অপরদিকে, ময়মনসিংহের ভালুকায় এনএস জেড কটন মিলে তুলার গোডাউনে আগুনের ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
মিল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এনএস েেজড কটন মিলের তুলার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
