রাতের আঁধারে সরকারি জায়গা দখল করলেন আ.লীগ নেতা

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:৪১ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আঁধারে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই আওয়ামী লীগ নেতার নাম মিজানুর রহমান। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সালথার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক।

এ ঘটনায় গতকাল শনিবার সকালে উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা এমদাদুল হক মিলনসহ নয়জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের কুমার নদীর পাড়ে সরকারি ১ নম্বর খাস খতিয়ান ও পানি উন্নয়ন বোর্ডের ১০ শতাংশ জমি মিজানুর রহমান ও তার সহযোগীরা রাতের আঁধারে চারপাশ বাঁশ দিয়ে ঘিরে দখল করেন। দখলকৃত জমির আনুমানিক বর্তমান বাজার মূল্য ৩০ লাখ টাকা।

অভিযুক্ত রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, এই জমির সামনে আমার জমি। পেছনের জমি গর্ত ছিল, নদী কাটার সময় আমি টাকা-পয়সা খরচ করে ভরাট করেছি। তাছাড়া জমিটা আমার দখলে রয়েছে এবং জমিটার লিজ নেওয়াসহ ডিসিআরও রয়েছে আমার।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, সরকারি জমি দখলের লিখিত অভিযোগ পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত