বেতাগীতে ডায়রিয়ার প্রকোপ

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:৪২ এএম

বরগুনার বেতাগীতে করোনার প্রাদুর্ভাবের মধ্যেই দেখা দিয়েছে ডায়রিয়া। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার নুরুল ইসলাম (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ডায়রিয়ার প্রকোপে বিপাকে পড়েছেন চিকিৎসকরা।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তিন দিন ধরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ সময় মোট ৫২ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। বর্তমানে ভর্তি আছেন ৩৬ জন। প্রতিদিনই গড়ে ১৫-২০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। হাসপাতালে খাবার স্যালাইনের সংকট না থাকলেও পরিস্থিতি ক্রমান্বয়ে বাড়তে থাকলে সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

দেড় লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। করোনার ভেতর ডায়রিয়া রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসা নেওয়া ভুক্তভোগী কয়েকজন জানান, সরকারি হাসপাতালে মানুষ আসে বিনা পয়সায় চিকিৎসা নিতে। এখানে অন্য কোনো ওষুধ পাওয়া না গেলেও কলেরা স্যালাইন আর খাবার স্যালাইনটি পাওয়া যেত। এখন সেটি পর্যাপ্ত পরিমাণে না পাওয়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সামর্থ্যবানরা অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে ভর্তি হচ্ছেন বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে। কিন্তু চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবীন্দ্রনাথ সরকার বলেন, হাসপাতালে অ্যান্টিবায়োটিক ও কলেরা স্যালাইনের কোনো সংকট নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত