সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার পৌনে ১২টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালের অধ্যক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ডা.সাইফুল ইসলাম বলেন, গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. কাজী শিহাব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এদিন চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, গত ১০ এপ্রিল সকালে সাবেক এমপি আমজাদ হোসেন মিলন নিজ বাসভবনে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। টানা আট দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি এ এদিন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মিলন ১৯৭১ সালে চলনবিল এলাকায় যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুবশিবিরের সহ-সর্বাধিনায়ক হিসেবে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দুইবার তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান, দুইবার তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের একাধিকবার কমান্ডার ছিলেন। ২০১৪ সালের উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য সদস্য নির্বাচিত হন। তিনি তাড়াশ উপজেলা আওয়ামী লীগের একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি গত ১৪ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
সাবেক এমপি আমজাদ হোসেন মিলনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এ এম হোসেন আলী হাসান প্রমুখ।
