ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে টাকা জমা দিয়ে মেয়াদ পূর্তি হলেও গ্রাহকরা তাদের জমানো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। প্রায় প্রতিদিনই টাকার জন্য ঘুরছেন গ্রাহকরা। উপায় না পেয়ে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী গ্রাহক।
অভিযোগে বলা হয়, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি পীরগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার বীরেন্দ্রনাথ রায়ের তত্ত্বাবধানে চলা গণমুখী বীমা প্রকল্পে টাকা জমা দেন গ্রাহকরা। মেয়াদ পূর্তি শেষে বারবার ধরনা দিয়েও জমা টাকা ফেরত পাচ্ছেন না এমন অভিযোগ গ্রাহকদের।
মাসিক কিস্তিতে ২০০, ৫০০ ও ১ হাজার টাকা হারে জমা দেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৭ শতাধিক গ্রাহক।
ওই প্রতিষ্ঠানের প্রায় ৪০০ গ্রাহকের বীমার মেয়াদ তিন বছর আগেই শেষে হয়েছে। মেয়াদ শেষে মুনাফাসহ জমানো টাকা ফেরত নিতে গেলে গ্রাহকদের সঙ্গে টালবাহানা শুরু করেন শাখা ম্যানেজার। জমানো টাকা ফেরত পেতে ওই শাখা অফিসে বারবার ঘুরেও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ গ্রাহকদের।
উপজেলার ফকিরগঞ্জ এলাকার ষাটোর্ধ্ব আকলিমা বেগম কেঁদে কেঁদে বলেন, ‘আমি গরিব মানুষ, বুড়ো বয়সে ভালোভাবে চলার জন্য ওইখানে টাকা জমিয়েছি। টাকা জমানোর মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। তিন বছর ধরে ঘুরছি কিন্তু টাকা পাচ্ছি না।’
এ ব্যাপারে ওই বীমা কোম্পানির পীরগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার বীরেন্দ্রনাথ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম আসলাম রেজার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি।
তবে ওই কোম্পানির ডিএমডি ও এফসিএ রবিউল আলম বলেন, মোয়াদোত্তীর্ণ গ্রাহকদের টাকা ছাড় করে নিয়ে তা তাদের প্রদান করার জন্য প্রতিষ্ঠানের ম্যানেজারদের বলা হয়েছে। খুব শিগগিরই গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।
