আমার বক্তব্য বিকৃত করা হয়েছে, দাবি মির্জা আব্বাসের

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৩:২৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, ‘আমার সহজ-সরল উক্তিগুলোকে বিকৃত করে যারা যেভাবে পেরেছে লিখেছে।’ গতকাল রবিবার দুপুরে শাহজাহানপুরের নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমার আংশিক বক্তব্য দেওয়া হয়েছে। কাটপিস করে ইচ্ছামতো আমার বক্তব্যকে ব্যবহার করা হয়েছে। কী কারণে করা হয়েছে আমি জানি না। এমন কোনো কথা বলি নাই, যার জন্য আমাকে বিব্রত হতে হবে।’

তিনি বলেন, ‘সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করে নাই  এমন কথা আমি বলি নাই। আমার কথা বিকৃত করে পেঁচিয়ে লেখা হয়েছে।’

মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতাকর্মী দায়ী। এই কথা আমি বলেছি, কেউ প্রমাণ করতে পারবে? আমার কথা বিবৃত করা হয়েছে। বিএনপির নেতারাই ইলিয়াস আলীকে গুম করেছে এমন বক্তব্য আমি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেওয়া সম্ভব? অর্থাৎ নিজের মাথার ওপর নিজেই বোমা ফুটানো। এখানে টুইস্ট করা হয়েছে।’ 

গতকাল সকালে একদল সাংবাদিক ইলিয়াস আলীর বাসায় গিয়েছিল বলে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘তার স্ত্রীকে রীতিমতো চার্জ করেছে। বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করেছে। এটা কেন? এমন কী ঘটনা ঘটল যে এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামাতে হবে। গত ৯ বছর ইলিয়াস আলী গুম হওয়ার পর একটা পত্রপত্রিকায় একটি লেখাও লেখা হয় নাই। কোনো দিবস পালন হয় নাই। আজকে হঠাৎ করে সেই ইলিয়াস আলীকে নিয়ে সাংবাদিকদের মাথা খারাপ হয়ে গেল? আমি কোনো সাংবাদিককে দোষ দিচ্ছি না।’

তিনি বলেন, ‘আমার সত্য বক্তব্যটা তুলে ধরতেন, তাহলে ভালো হতো। আমি এমন কোনো কথা বলি নাই যার জন্য বিএনপির নেতাকর্মী, জাতির কাছে বিব্রত হতে হবে।’

গত শনিবার স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সংবাদ সম্মেলন করেন বলে জানান মির্জা আব্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত