কুমিল্লায় মালিক ও নৈশপ্রহরীর চোখ বেঁধে খামারের গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামের নহর এগ্রো ফার্মে গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
খামারের মালিক ওমর ফারুক জানান, তার ব্যবসায়িক অংশীদার মুহিতুল ইসলাম রাসেল ও নৈশপ্রহরী রাতে খামারে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ডাকাত দল খামারের ফটকের তালা ভেঙে তাদের চোখ-মুখ বেঁধে ফেলে। পরে ট্রাকে করে খামারের ১১টি গরু নিয়ে যায়।
নৈশপ্রহরী মো. রনি জানান, ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে আধা ঘণ্টায় খামারের গরুগুলো ট্রাকে করে নিয়ে চলে যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, আমরা পুরো বিষয়টি জেনেছি। খামারে কোনো সিসি ক্যামেরা ছিল না। খামারের কাছে একটি বাড়ির সিসি ক্যামেরায় একটা ট্রাক প্রবেশের ফুটেজ পেয়েছি। আমরা তদন্ত করছি।
