জয়পুরহাটে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজন ধান কাটা শ্রমিক নিহত ও ৯ জন গুরুতর আহত হয়েছেন। পাঁচবিবি উপজেলার জিয়ার মোড়ে এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রবিউল ইসলাম নীলফামারী ডোমার উপজেলার জোড়াবাড়ি মতিউর ইসলামের ছেলে ও আহতরা একই এলাকার ধান কাটার শ্রমিক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমারের মির্জাপুর এলাকার ১৩ জন কৃষক ও ড্রাইভার হেলপারসহ ১৫ জন মঙ্গলবার দুপুরে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে নওগাঁ জেলার আত্রাইয়ে ধান কাটার উদ্দেশে জয়পুরহাট-হিলির সড়ক দিয়ে যাচ্ছিলেন।
পথেই পাঁচবিবির জিয়ার মোড় এলাকায় আসলে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে মুখোমুখি ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলে রবিউল নিহত ও গুরুতর ৯ জন আহত হয়।
তাদের সাথে থাকা অন্য ধান কাটা শ্রমিকরাও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. গোলাম সরওয়ার হোসেন জানান, একজন নিহত ও ৯ জন আহত। অন্যরা সবাই কমবেশি আহত। মাইক্রোবাসের ড্রাইভার-হেলপার গুরুতর আহত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।
