নুরের বিরুদ্ধে চট্টগ্রাম রাজশাহীতে ডিজিটাল আইনে ২ মামলা

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৫:৪৯ এএম

ফেইসবুক লাইভে এসে ধর্মীয় বিষয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রাম ও রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির অর্থ উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে আজিজ মিসির নামে এক ব্যক্তি একটি মামলা করেন। অন্যদিকে গতকাল বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় আরেকটি মামলা করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

চট্টগ্রামের মামলার এজাহারে বাদী আজিজ মিসির অভিযোগ করে বলেছেন, সাবেক ভিপি নুর তার ফেইসবুক আইডি থেকে লাইভে এসে ধর্মীয় অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মানহানিকর মন্তব্য প্রকাশ এবং আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করেছেন। বাদী কোতোয়ালি থানার কোর্ট হিলে আইনজীবী এনেক্স ভবন-১-এর নিচতলায় অ্যাডভোকেট তসলিম উদ্দিনের চেম্বারে বসে নুরের এ বক্তব্য শোনেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

নুরের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে একটি এজাহার দেওয়া হয়েছে। আইনের ২৫ (২), ২৮ (২), ২৯ (১), ৩১ (২) ধারায় মামলাটি গ্রহণ করা হয়। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।’

রাজশাহীতে নুরের বিরুদ্ধে মামলা : গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় নুরুল হক নুরের বিরুদ্ধে জিডিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

মামলার অভিযোগে বাদী বলেন, সাবেক ভিপি নুর তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ধর্মের অনুভূতির প্রতি আঘাত করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় তিনি বর্তমান সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর মন্তব্য করছেন। এ ছাড়া তার বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি পুলিশের এলএমজি পোস্ট তৈরি, আওয়ামী লীগ নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যায়িত করাসহ বিভিন্ন অশোভনীয় মন্তব্য করেছেন। তার এসব অপ্রীতিকর মন্তব্যের প্রতিবাদে দেশের প্রচলিত তথ্যপ্রযুক্তি ধারায় মামলা করা হয়েছে।

নুরের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে বাদী তৌরিদ আল মাসুদ রনি বলেন, ‘ভিপি নুর যখন বলে আওয়ামী লীগের লোক মুসলমান হতে পারে না। এটি যখন আমি শুনি তখন আমি খুব মর্মাহত হয়েছিলাম ও কষ্ট পেয়েছিলাম। এখন পর্যন্ত আমি কষ্ট পাচ্ছি। আমার কাছে মনে হয়েছে এটির প্রতিবাদ করা দরকার। ভিপি নুর নিজেই আল্লাহ ও রব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার ওপর সন্দেহ করে থাকি তাহলে আমাদের ধর্ম থাকার কথা নয়। ফলে আমি মনে করি সে নাস্তিক। একজন নাস্তিক কোনোভাবেই সার্টিফিকেট দিতে পারে না।’

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ দেশ রূপান্তরকে বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩, ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলা করেছেন নগর যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি। মামলার বাদী পেনড্রাইভে যে ভিডিও দিয়েছেন সেটি পরীক্ষা করা হবে। দ্রুতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হবে। পাশাপাশি ভিপি নুর যে থানা এলাকায় থাকেন তাকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে সেই থানায় বার্তা পাঠানো হবে।’ এ ছাড়া তারা নিজেরাও দ্রুত সময়ের মধ্যে নুরকে গ্রেপ্তারের চেষ্টা করবেন বলে জানান বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গত ১৪ এপ্রিল বিকেলে ফেইসবুক লাইভে এসে নুর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।’ এই বক্তব্যের পর নুরের বিরুদ্ধে ঢাকা ও সিলেটে এরই মধ্যে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত