ভৈরবে ৫১ কেজি গাঁজাসহ আটক ৪

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১২:৩২ পিএম

ভৈরবে পৃথক দুই অভিযানে শুক্রবার রাতে ৫১ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি পিকআপভ্যানও জব্দ করা হয়।

আটকরা হলেন- সোহাগ প্রধান (৩৫), শফিক (২৬), কবির শেখ (৪৫) ও অঙ্কন ভৌমিক (২১)।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

র‌্যাব জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালমোড় এলাকায় অভিযান চালিয়ে সোহাগ প্রধান ও শফিককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদ পাচারে ব্যবহার করা একটি পিকআপভ্যান।

পরে রাত সাড়ে ১০টার দিকে একই এলাকা থেকে কবির শেখ ও অঙ্কন ভৌমিক নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আভিযানিক দলটি। এ সময় তাদের ব্যবহার করা পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধারসহ পিকআপটি জব্দ করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে স্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত