অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। সেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে আয়োজিত হতে যাওয়া আসিয়ান বৈঠকে অংশ নেবেন তিনি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার জাকার্তায় পা রাখেন লাইং।
আসিয়ান সম্মেলনে মিয়ানমারের কোনো সেনাপ্রধান এর আগে এভাবে অংশ নেননি। সাধারণত নিম্নসারির কোনো অফিসার অথবা সরকারি কর্মকর্তা অংশ নিয়ে থাকেন।
ইন্দোনেশিয়া বলছে, এবারের বৈঠকের আগে তারা মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
সিএনএন জানিয়েছে, বিশেষ একটি ফ্লাইটে এদিন জাকার্তায় পৌঁছান লাইং।
১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রায় সাড়ে সাতশ মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন কয়েক হাজার নেতাকর্মী।
আসিয়ানের সদস্যভুক্ত দেশগুলোর অনেকে আসন্ন বৈঠকে এ বিষয়ে প্রশ্ন তুলতে পারেন।
শনিবার দিনের শেষভাগে বৈঠকে মিয়ানমার সেনাপ্রধানের বক্তৃতা দেয়ার কথা।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পরপরই গত ৫ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া দেশটির চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আসিয়ানের বিশেষ বৈঠক আয়োজনের আহ্বান জানায়।
তারা আলোচনার মাধ্যমে মিয়ানমারের সংকট নিরসন করতে চাইছে। দেশটির সেনাবাহিনী এবং উৎখাত হওয়া সরকারের নেতাদের সঙ্গে আলোচনার কথা বলছে।
মিয়ানমারের বিরোধীদের ঘোষিত ছায়া সরকার এই বৈঠকে থাকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের রাখা হয়নি।
