বাউফলে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৩:৪৩ এএম

‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর বাউফলে নায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ে ভ্রাম্যমাণ কার্যক্রম শুরু করেছেন উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ওই কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে বিভিন্ন এলাকায়। তবে পর্যাপ্ত পরিমাণে পণ্য ছিল না বলে অনেকে অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় করোনাকালে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে প্রথম ১০ দিনের একটি প্রকল্প হাতে নেয় সরকার। পরে সুবিধাভোগীদের ব্যাপক সাড়া পাওয়ায় ওই কার্যক্রমের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

উল্লেখ্য, ১৭ এপ্রিল বাউফলে নায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ে ভ্রাম্যমাণ কার্যক্রমের নামে ফটোসেশন করেন উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পরদিন দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর ন্যায্যমূল্যে পণ্য মাঠপর্যায়ে বিক্রি শুরু করেন তারা।

উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক সরদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব খামারি করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে দুধ, ডিম ও মাংস বিক্রি করার জন্য ঘরের বাইরে যেতে পারছেন না, তাদের কাছ থেকে ডিম, দুধ ও মাংস সংগ্রহ করে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ক্রেতাসাধারণের মাঝে তা ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত