ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে লোকজন জড়ো করে তাণ্ডব চালানোর অভিযোগে দুই ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ঘাটুরার বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন ওরফে বেলালি ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন।
এদিকে গ্রেফতারকৃত হেফাজত নেতা দুই ইমামের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানিমূলক ফেসবুক পোস্ট, প্রচারণা চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনিসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এছাড়া হেফাজতি তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি লোকমান হোসেন জানান, গোপন নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ লাইন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কো. প্রধান কার্যালয় ভাংচুর, ঘাটুরা ও বিরাসার মোড়ে পুলিশের উপর হামলার অভিযোগ রয়েছে।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, হেফাজতি তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে।
এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এছাড়া আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়।
উল্লেখ্য, হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী ও অঙ্গ সহযোগী নেতাদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
