ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম নেতাকর্মীদের সহিংসতার সময় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে লোকজন জড়ো করে তাণ্ডব চালানোর অভিযোগে দুই ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন সদর উপজেলার ঘাটুরার বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন ওরফে বেলালি এবং ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন।
গ্রেপ্তার হেফাজত নেতা দুই ইমামের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেইসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়া ও প্রচারণা চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল রবিবার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনিসুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতি তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল এ দুই ইমামকে আদালতে হাজির করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি লোকমান হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘গোপন নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় তাদের (দুই ইমাম) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ লাইনস, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয় ভাঙচুর এবং ঘাটুরা ও বিরাসার মোড়ে পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে।’
জেলা পুলিশের তথ্যমতে, হেফাজতি তা-বের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টিসহ ৫৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে। এছাড়া আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়।
ভারতের প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজত নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
