চৌগাছায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০৪:১৩ পিএম

যশোরের চৌগাছায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় স্বামী ইমরান হোসেন (২২) ও তার মা বিলকিস বেগমকে আটক করেছে। চৌগাছা পৌরসভার ৫ নম্বর  ওয়ার্ডে রবিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আয়েশা বেগম (১৮)।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হয়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সে কারণেই দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বাকিটা জানা যাবে।

প্রতিবেশীরা জানান, রবিবার রাত ১১টার দিকে ইমরান আয়েশা আত্মহত্যা করেছে বলে চিৎকার করতে থাকে। প্রতিবেশীরা এগিয়ে এসে দেখে মরদেহ ঘরের মেঝেতে শোয়ানো।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করার সময় সন্দেহ হয়, আয়েশাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

আয়েশা বেগম যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রমের ইলিয়াস হোসেনের মেয়ে।

আয়েশার মা কুলসুমা বেগম বলেন, ‘এক বছর আগে ইমরানের সাথে আয়েশার বিয়ে হয়। ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ কী হলো বুঝলাম না।’

তিনি আরও বলেন, ‘রবিবার ইফতারের দশ মিনিট আগেও মেয়ের সাথে আমার মোবাইল ফোনে কথা হয়েছে। তখনও মেয়ে তেমন কিছু জানায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত