বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন মির্জা আব্বাস নিজেই। এর আগে মির্জা আব্বাসের বক্তব্যের ব্যাখ্যা জানতে গত বৃহস্পতিবার দলের পক্ষ থেকে তাকে একটি চিঠি দেওয়া হয় বলে জানান তিনি।
ব্যাখ্যা পেয়েছেন কি না জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘মির্জা আব্বাসের ব্যাখা পেয়েছি। এখন তার বক্তব্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে।’
এ বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘নিখোঁজ ইলিয়াস আলীর বিষয়ে আমার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার আমাকে চিঠি দিয়েছিলেন। গতকাল ছিল শেষ দিন। আমি নির্ধারিত সময়ে চিঠি পৌঁছে দিয়েছি।’ কী জবাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে মহাসচিব বলতে পারবেন।’
গত ১৭ এপ্রিল ইলিয়াস আলীর নিখোঁজের নয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলী নিখোঁজের পেছনে দলের একটা অংশ জড়িত। সরকার ইলিয়াস আলীকে অপহরণ করেনি।’ তার এমন বক্তব্যে দলে ও দলের বাইরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরপর দলের পক্ষ থেকে চাপে পড়ে পরের দিন রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়ায় তার বক্তব্য খণ্ডিত আকারে প্রচার হয়েছে বলে দাবি করেন মির্জা আব্বাস। এরপর দলের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়।
