বসতবাড়ি ভাঙচুর ও প্রতিপক্ষের লোকজনকে মারধরের মামলায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিআরডিবির চেয়ারম্যান নবীর হোসেন চুন্নু (৫০) ও ময়না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল মোল্যাকে (৪৫) গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
গত রবিবার বিকেলে বোয়ালমারী পৌর সদর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ময়না ইউনিয়নের বানিয়াড়ি গ্রামের নবীর হোসেন চুন্নু ও জামাল মোল্যার নেতৃত্বে ২৩ এপ্রিল রাত ৯টার দিকে গ্রামের পান্নু শেখ, নওশের শেখেরসহ ৬টি বাড়িতে ভাঙচুর ও লোকজনকে মারধর করা হয়। এ ঘটনায় পান্নু শেখ ২৫ জনকে আসামি করে গত রবিবার মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আক্কাচ হোসেন বলেন, ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
