পটুয়াখালীর বাউফলে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে মো. আলমগীর হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বজনদের সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর গ্রামের আলমগীর হাওলাদারের সঙ্গে একই বাড়ির মো. আবুল হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। চার-পাঁচ দিন আগে আলমগীরের ঘরের আলমারি থেকে ১০ হাজার টাকা হারানো যায়। টাকা হারানোর ঘটনায় আবুলের স্ত্রী রুনু বেগমকে দায়ী করেন আলমগীর।
ঘটনার দিন সকালে নিজ বাড়ির মসজিদের সামনে টাকা চুরির ওই ঘটনাকে কেন্দ্র করে আলমগীরের সঙ্গে আবুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল ও তার ছেলে রিয়াজ (২৮) দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আলমগীরকে গুরুতর জখম করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।
