ভ্যাকসিন নিলে মাস্ক ছাড়া চলা যাবে যুক্তরাষ্ট্রে

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০২:৩৮ পিএম

দুই ডোজ ভ্যাকসিন নেয়া থাকলে যুক্তরাষ্ট্রে এখন মাস্ক ছাড়া চলাচল করা যাবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

তবে বড়সড় জমায়েতে অচেনা মানুষজনের ভিড়ে এই নির্দেশ বলবত হবে না। অন্যদিকে টিকা নেননি এমন ব্যক্তিরা কয়েকটি ক্ষেত্রে মাস্ক না পরেই বাইরে পা রাখতে পারবেন।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আমেরিকায় ৫ লাখ ৭০ হাজারেরও বেশি মৃত্যু হয়েছে। এই আবহে মঙ্গলবার রাতে সে দেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একটি নতুন নির্দেশিকা জারি করে।

ওই নির্দেশিকা অনুযায়ী, যারা ফাইজার বা মর্ডানার ২টি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের ১টি ডোজও নেননি, তাদের রেস্তরাঁ বা কোনো জমায়েতে এখনও মাস্ক পরা বাধ্যতামূলক। তবে কনসার্ট বা খেলাধুলার প্রতিযোগিতার মতো জমায়েতে সবাইকে মাস্ক পরতে হবে।

সাধারণ মানুষের জীবনযাত্রা ফের স্বাভাবিক করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করছেন সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিডিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাদের একাংশ।

বার্মিংহামের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইক স্যাগ যেমন বলেছেন, ‘এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা ফের আগের মতো স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারব। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত