দুই ছেলেকে নিয়ে ভাতিজাকে খুন করলেন চাচা!

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৩:০৬ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছের আম পাড়া নিয়ে সৃষ্ট বিরোধে দুই ছেলেকে সাথে নিয়ে ভাতিজা চা-শ্রমিক সুমন গোয়ালকে (৩২) কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউপির চাম্পারায় চা-বাগানের ২৫ নম্বর সেকশনে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের ভাই সঞ্জু গোয়ালা বাদী হয়ে চাচা মনোহর গোয়ালাকে প্রধান আসামি করে চাচাতো দুই ভাই বিশ্বজীত গোয়ালা ও সঞ্জিত গোয়ালার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আজ বুধবার ভোর ৫টায় হবিগঞ্জের নোয়াপাড়া চা-বাগানে আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে দুই চাচাতো ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে, তাদের অপর দুই সহযোগী বিশাল গোয়ালা (২২) ও সুজন অলমিককে আজ বেলা আড়াইটায় উপজেলার কুরমা চা বাগান থেকে গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামি চাচা মনোহর গোয়ালা পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার একটি গাছের আম পাড়া নিয়ে চাম্পারায় চা-বাগানের সুমন গোয়ালার সাথে তার চাচা মনোহর গোয়ালা ও তার দুই ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় সুমন গোয়ালা চা-বাগান অফিসে গিয়ে ব্যবস্থাপকের কাছে বিচারপ্রার্থী হন। এতে সম্মানহানি হয়েছে মনে করে ক্ষিপ্ত হয়ে মনোহর গোয়ালা তার দুই ছেলে বিশ্বজিত গোয়ালা ও সঞ্চিত গোয়ালা মিলে সুমন গোয়ালাকে একা পেয়ে ধরে ২৫ নম্বর সেকশনে নিয়ে যায়।

সেখানে পূর্ব পরিকল্পিতভাবে দুই ছেলেসহ আরও দুইজনকে নিয়ে দা দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশটি থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশটি আজ বুধবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে গ্রেপ্তার দুই ভাইকে থানায় নিয়ে আসলে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, এ হত্যাকাণ্ডে তাদের সাথে একই এলাকার মিলন ও সুজন জড়িত ছিল। হত্যাকাণ্ডে তারা দা ও কুড়াল ব্যবহার করেছেন। সুমন চা-বাগান থেকে বাঁশ নিয়ে ফেরার পথে তার গতিরোধ করে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ দুই পরিবারের মাঝে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কোর্টে প্রেরণ করা হবে। প্রধান আসামি চাচা মনোহরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত