রাজশাহীর তানোরে প্রকাশ কুমার (১৯) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। গলাসহ তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কলমা ইউনিয়নের চৌরখোর বিলের ফাঁকা রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত প্রকাশ তানোর উপজেলার এনায়েতপুর চৌরখোর গ্রামের নির্মল সিংহের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর একটি মিষ্টির দোকানে কাজ করতেন। করোনা পরিস্থিতিতে প্রকাশ গ্রামে বাড়িতেই ছিলেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলা, গালসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।
