ছিন্নমূলদের সেহেরি দিচ্ছে ‘সহযোগী’

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১০:৪০ পিএম

ছিন্নমূল মানুষদের মাঝে সেহেরি বিতরণ করল সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা সংগঠন ‘সহযোগী’।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির সাম্পানের সামনের ফুটপাতে সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সঙ্গে ১০০ ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি বিতরণ করে সংগঠনটি।  

সহযোগীর সভাপতি মো. আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘গত বছরে ৩০ রোজায় আমরা প্রত্যেক দিন ১০০ জন মানুষকে সেহেরি করিয়েছি। এ বছর এটা সম্ভব হচ্ছে না বিধায় সপ্তাহে একদিন করে সেহেরি বিতরণ করা হচ্ছে। এ সেহেরির মধ্যে থাকছে ভাত, মুরগির মাংস, সবজি ও ডাল। গত বছর অবশ্য আমরা দুধও দিয়েছিলাম’।

তিনি জানান, ‘সহযোগী’ পেশাজীবী মানুষদের একটি সংগঠন। এর সদস্য প্রায় ২৫ জনের মতো। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এ সদস্যরা বর্তমানে দেশের ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এ ছাড়া ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন কেউ কেউ।

আরিফুল ইসলাম জানান, এ সংগঠনের সদস্যদের চাঁদার টাকায় এই সেহেরি বিতরণ করা হচ্ছে। অন্য কোনো আর্থিক সহযোগিতা বা অনুদান তারা পাননি। 

আগামী সপ্তাহ থেকে প্রতিদিন সেহেরি বিতরণের চেষ্টা করছে সংগঠনটি। এ লক্ষ্যে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন ‘সহযোগী’র সংগঠকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত