মাদারীপুরে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্য (পটকা)সহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। শুক্রবার সন্ধ্যায় রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্টি নবীন স্টোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- টেকেরহাটের মো. সাদেক আলী মিয়ার ছেলে দোকানের মালিক মো. রোমান মিয়া ওরফে রমেন (৫২) ও বিক্রেতা টেকেরহাট সংলগ্ন নয়াকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে মো. সোহেল খান (৩০)।
শনিবার সকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্টির নবীন স্টোরে অভিযান চালায়।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে নবীন স্টোরের মালিক মো. রোমান মিয়া ওরফে রমেন ও বিক্রেতা সোহেল খানকে আটক করা হয়।
এ সময় দোকানে তল্লাশি করে বিভিন্ন ধরনের ১২ হাজার ৪৬২ পিস বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা।
আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ভারত-বাংলাদেশের দক্ষিন পশ্চিম সীমান্তবর্তী এলাকা হতে এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) সংগ্রহ করে পাইকারিভাবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাসহ জেলা সদরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
আটক আসামিদেরকে উদ্ধারকৃত বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা)সহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
