ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে সম্রাট হোসেন (২৫) নামে এক ভেকু ড্রাইভারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে ওই গ্রামের দক্ষিণ পাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সম্রাট ওই গ্রামের সমিরদ্দিন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে রাস্তার পাশে সম্রাটের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে এই মুহূর্তে তা বলা বলা যাচ্ছে না। রবিবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।
