উখিয়ায় পুলিশ-জনতা সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৩ মে ২০২১, ০৬:১০ এএম

কক্সবাজারের উখিয়ায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ, শিক্ষকসহ অন্তত ১০ গ্রামবাসী আহত হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার সোনারপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ সময় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বড়–য়া, বাবুল আবছার ও পুলিশের দুই সদস্য আহত হন। অন্যদিকে গ্রামবাসীর মধ্যে দেলোয়ার (১৫), ফয়সাল (২০), হাসিনা বেগম (৩০), কবির আহমদ (৫০), মরিয়ম বেগম (৩৫) ও আবদু ছবি (১৬) আহত হয়েছেন। এ ঘটনার পর পরিস্থিতি থমথম অবস্থায় রয়েছে।

উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম ভুলু জানিয়েছেন, ‘বিদ্যালয়ের পাশে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য উখিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনারকে সঙ্গে নিয়ে উখিয়া নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ ঘটনাস্থলে গেলে স্থানীয় আবু সৈয়দ ওরফে ফজলী, মো. কালু, নুরুল আলম নুরুসহ কিছু বিরোধিতাকারীদের সঙ্গে প্রথমে বাগ্বিত-া ও পরে সংঘর্ষ হয়।

উখিয়ার থানার ওসি মনজুর মোরশেদ জানিয়েছেন, স্কুল ভবনের ভিত্তিপ্রস্তরকে কেন্দ্র করে ওই এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক সরকারি কাজে বাধা দেওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে আকস্মিক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন ঘটনার নেতৃত্বদানকারী ওই এলাকার আবু সৈয়দ ওরফে ফজলী (৪০) ও মো. কালুকে (৫৫) গ্রেপ্তার করে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল যুবক হঠাৎ আমাদের ওপর হামলা চালায়।’

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত